Recovered Transmission
Archive ID
E-0829
Earth Log // 0829
Earth Log // 0829
কসমো,
আজ ঢাকায় সারাদিন বৃষ্টি।
বেশ কিছুদিন ধরেই এমন হচ্ছে। ঢাকার রাস্তাগুলো পানিতে ডুবে আছে। গাড়িগুলো ধীরে চলে, ফুটপাতগুলো কাদার কাছে আত্মসমর্পণ করে বসে থাকে। মানুষ বিরক্ত হয়, তবুও প্রতি বছর একই বৃষ্টির কাছে নতুন করে হার মানে।
আমিও একটু বদলে গেছি।
ইদানীং আর ক্যাফেতে গিয়ে কফি খাওয়া হয় না। অফিস শেষে ভিজে শহরটা পার হয়ে বাসায় ফিরলেই মনে হয়, আজকের দিনটা বোধহয় ঠিকঠাকই কেটে গেছে।
ফর্মাল শার্টগুলোও এখন আলমারিতেই ঝুলে থাকে। কাদা পানির শহরে তাদের খুব একটা মানায় না। তাই আজকাল একটা টি-শার্ট, ব্যাগি জিন্স আর চেলসি বুট পরেই অফিস করি।
মজার ব্যাপার জানো?
ঋতু বদলালে শুধু শহরটাই বদলায় না। মানুষও একটু একটু করে বদলে যায়।
আজ অফিসে যাওয়ার পথে রিকশায় বসে ছিলাম। ছাউনির ওপর বৃষ্টির শব্দ পড়ছিল। হঠাৎ তোমার কথা মনে পড়ল।
মনে আছে, পৃথিবীতে তোমার প্রথম বর্ষার দিন?
তুমি হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো ধরার চেষ্টা করছিলে। যেন বৃষ্টি নয়, আকাশ তোমার হাতে নেমে এসেছিল।
তারপর আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলেছিলে,
“আমাদের ওখানে বৃষ্টি হয় না।”
আমি তখন হেসে বলেছিলাম,
“তাহলে প্রতি বর্ষায় তোমাকে পৃথিবীতে নিয়ে আসব।”
কথাটা রাখা হলো না।
যতবার রিকশায় উঠি, মনে হয় তুমি হয়তো আমার পাশেই বসে আছো। শুধু মাথা ঘুরিয়ে তাকালেই তোমাকে দেখতে পাব।
তারপর মনে পড়ে—
পৃথিবী থেকে নোরিয়ামের কোনো ভাড়া ঠিক করা যায় না।
তোমাকে আজকাল খুব মনে পড়ে, কসমো।
— পৃথিবী, ঢাকা
Attachment found.
Previous Archive
—Next Archive
Earth Log // 0718