EARTH VERSE
কবিদের বিশ্বাস করতে নেই
কবিদের বিশ্বাস করতে নেই।
তারা শব্দকে এমনভাবে সাজায়,
যেখানে সত্যি ভেসে যায় কল্পনার ভেলায়।
একদিন শেখাবে—
ভালোবাসা মানে আগুন,
প্রেম মানে জীবনের শ্বাস।
পরদিনই লিখবে—
ভালোবাসা মরে গেছে,
স্বপ্ন ভেঙে গেছে,
চায়ের টেবিলও ফাঁকা পড়ে আছে।
কবিদের বিশ্বাস করতে নেই।
তাদের কলমে কখনো আলো,
কখনো অতল অন্ধকার।
কখনো জাগায় আকাঙ্ক্ষা,
কখনো নিঃশব্দে কেড়ে নেয় বিশ্বাস।
তাদের কথা শুনলে
মন আটকে যায় বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে।
তাদের ভালোবাসা মানে
মায়ার ফাঁদে বন্দি হওয়া।
কবিদের বিশ্বাস করতে নেই।
কবিদের ভালোবাসতে নেই।